আশরাফুল ইসলাম আরিফ : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন), ড্রেক্সেল ও টেম্পল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও রয়েছেন। একই অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ চার ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে ‘4th BACF Graduation & Reception Awards 2026’ অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ চার শতাধিক মানুষ অংশ নেন।
বিশেষ সম্মাননা পাওয়া চার ব্যক্তি হলেন—মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ড. মো. খালেকুজ্জামান, ড. ইবরুল চৌধুরী ও আলাউদ্দিন পাটোয়ারী। ড. খালেকুজ্জামানকে ‘শিক্ষা ও পরিবেশবিজ্ঞান’, ড. ইবরুল চৌধুরীকে ‘মেডিসিন অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটি’ এবং আলাউদ্দিন পাটোয়ারীকে ‘যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (BADV)-কে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতি ও লেখক ড. কাজী খালিদ আশরাফ, প্রফেসর ফারুক সিদ্দিকী, ড. মো. খালেকুজ্জামান ও প্রফেসর হায়দার আলী। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজ ও কমিউনিটির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন হার্ভার্ড ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী ফাহিম ইসলাম ধ্রুব। প্রাক্তন অভিভাবক ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রফেসর খায়ের মোহাম্মদ মিয়া। বর্তমান অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারুক সলিমুল্লাহ ও রুমানা আলম।
অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ, আপার ডার্বি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খান এবং পেনসিলভেনিয়া স্টেট অফিস অব পলিসি অ্যান্ড প্ল্যানিংয়ের সেক্রেটারি আকবর হোসাইন উপস্থিত ছিলেন।
ফিলাডেলফিয়া সিটি ও পেনসিলভেনিয়া স্টেটের পক্ষ থেকে অনুষ্ঠানে BACF-এর হাতে প্রো-ক্লেমেশন তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় স্পন্সর, শিল্পী, ডেকোরেশন, সাউন্ড ও ক্যামেরা টিমসহ বিভিন্ন পর্যায়ের সহযোগীদেরও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার লক্ষ্যেই BACF নিয়মিত এ আয়োজন করে আসছে।


