দাম্পত্য জীবনের দুই দশক পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। এবার সেই ২০ বছরের পথচলাকে আরো বিশেষ করে তুললেন তারা।
খবর প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

দাম্পত্য জীবনের দুই দশক পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। এবার সেই ২০ বছরের পথচলাকে আরো বিশেষ করে তুললেন তারা।
খ্রিস্টান রীতিতে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব, পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা। ছিলেন সুরিয়ার ভাই ও অভিনেতা কার্থিও।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জ্যোতিকা।
আবেগঘন সেই মুহূর্তে দুজনকেই চোখের জল সামলাতে দেখা যায়।

বিশেষ এই মুহূর্তের ভিডিও শেয়ার করে জ্যোতিকা জানিয়েছেন, ২০ বছরের সম্পর্কের ভালো-মন্দ, মানিয়ে নেওয়া, বোঝাপড়া এবং নিঃস্বার্থ ভালোবাসাকেই উদযাপন করতে চেয়েছেন তারা।
জ্যোতিকা লিখেছেন, তাদের এই আয়োজন কোনো নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়। বরং সম্পর্কের অসম্পূর্ণতা, একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থভাবে ভালোবাসার উদযাপন।
দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের এই বিশেষ আয়োজনে নিজের বেশ কিছু অঙ্গীকারের কথাও তুলে ধরেছেন জ্যোতিকা। জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে চান এবং নিজের জীবনকে আনন্দের সঙ্গে উদযাপন করতে চান বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ না করারও শপথ নিতে চান জ্যোতিকা। তার মতে, পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণ নয়। জীবনের ফাঁকফোকরগুলো কীভাবে পূরণ করা হবে, সেটিই আসল বিষয়।
স্বামী ও সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রতিদিন এমন একজন মানুষের পাশে ঘুম থেকে ওঠেন, যিনি তাকে আগলে রাখেন ও সম্মান করেন—এটিকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন তিনি। পাশাপাশি সন্তানরা তার জীবনে নতুন অর্থ ও বেঁচে থাকার নতুন কারণ এনে দিয়েছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।