মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়েছে। বাড়তে শুরু করেছে জ্বালানি তেল ও গ্যাসের দামও। তবে এর প্রভাব যেন সাধারণ মানুষের ওপর কম পড়ে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্টারমার বলেন, বিশ্বনেতাদের কাজ হলো আগাম পরিস্থিতি বোঝা। সামনে কী হতে পারে তা ভাবা এবং অন্য মিত্র দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করা।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব কমানোর আহ্বান জানিয়ে মিত্রদের উদ্দেশে স্টারমার বলেন, এই উত্তেজনার মধ্যে আজও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফলে যুদ্ধে অর্থনৈতিক প্রভাব কমানোর জন্য কাজ করা জরুরি।
চলমান এই সংঘাত যত বেশি সময় ধরে চলবে, তত বেশি অর্থনীতির ওপর প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেন সরকারের ঋণের খরচ ইউরোপের অন্যান্য দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি বেড়ে গেছে। একই সঙ্গে ব্যাংক অব ইংল্যান্ডের চলতি বছর সুদের হার আর কমবে না বলে ধারণা করছে বিনিয়োগকারীরা।