ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ট্রাম্পকে মূল্য দিতে হবে’— ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন।
শনিবার রাতে সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে কী বলেছে বা সে কে আমি জানিই না। আমি একদমই পরোয়া করি না।
লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা নেবই। ট্রাম্পকে এর মূল্য দিতে হবে এবং তিনি তা দেবেন।’
এই যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি নতুন করে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সামনে এসেছেন।
ইরানের অন্য নেতাদের একই ধরনের বক্তব্যের জবাবে ট্রাম্প আবারও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকবে, যতক্ষণ না তারা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করে।
এদিকে ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প।