কানাডার টরন্টো শহরে একটি সালসা উৎসবে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন।
টরন্টো পুলিশ জানিয়েছে, শনিবার সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে আয়োজিত ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে।
পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। এ কারণে এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
টরন্টোর এই হামলার ঘটনা কানাডায় সাম্প্রতিক কয়েকটি বন্দুক হামলার মধ্যে সর্বশেষ। উল্লেখ্য যে, এর আগে গত মাসের শেষ দিকে মন্ট্রিয়লে একটি বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হন। হামলাকারী পরে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলের ছোট খনিশহর টাম্বলার রিজের একটি বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আটজন নিহত হন। নিহতদের মধ্যে হামলাকারীর মা ও সৎ ভাইও ছিলেন। ওই ঘটনায় আরো ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেই নিজের জীবন শেষ করেন।


