অবশেষে শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি চেলসি ফুটবল ক্লাবে মার্কিন ধনকুবের টড বোয়েলির অধ্যায়। সহ-মালিক মার্ক ওয়াল্টার ও বোয়েলির শেয়ার কিনে নিয়ে ব্লুজদের পূর্ণ নিয়ন্ত্রণ এখন প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’-এর হাতে।

ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মালিকানার এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে চেলসি।

 

একই সঙ্গে চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণাও দিয়েছেন টড বোয়েলি। তবে মালিকানায় বড় পরিবর্তন আসলেও ক্লাবের দৈনন্দিন পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসছে না বলে জানানো হয়েছে। বোয়েলির শূন্য পদে নতুন চেয়ারম্যানের নাম খুব শিগগিরই ঘোষণা করবে ক্লাবটি।

অন্য অংশীদার হানসজর্গ উইস ক্লাবের অংশীদার হিসেবে আগের মতোই থাকবেন। 

 

বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন বিদায়ী চেয়ারম্যান টড বোয়েলি। তিনি বলেন, ‘চেলসি ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগ, কোচ, খেলোয়াড়, কর্মকর্তা এবং কোটি ভক্তরা অনেক সাহায্য করেছেন।

তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

 

ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বোয়েলি আরো বলেন, ‘ক্লিয়ারলেক এবং আমাদের পুরো ওনারশিপ গ্রুপের সঙ্গে পার্টনারশিপটা উপভোগ করেছি। ক্লাবের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য আমরা যেসব যৌথ সিদ্ধান্ত ও বিনিয়োগ করেছি, তা চেলসিকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্লিয়ারলেকের যোগ্য নেতৃত্বে চেলসি সামনে আরও বড় সাফল্য পাবে।’

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেওয়ার পর থেকেই যৌথভাবে দায়িত্ব সামলে আসছিলেন টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা বেহদাদ এঘবালি।

দীর্ঘদিনের এই যৌথ পথচলায় ইতি টেনে এবার চেলসিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল ক্লিয়ারলেক।